সংবাদ শিরোনাম

সোনারগাঁ থানায় নবাগত ওসির হুঁশিয়ারি—‘দালালমুক্ত থানা, হয়রানিমুক্ত সেবা’

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন   |   জেলার খবর

সোনারগাঁ থানায় নবাগত ওসির হুঁশিয়ারি—‘দালালমুক্ত থানা, হয়রানিমুক্ত সেবা’

সোনারগাঁও–বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর সঙ্গে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সোনারগাঁ থানার চত্বরে অনুষ্ঠিত এ সভায় এলাকার আইন–শৃঙ্খলা পরিস্থিতি, সেবা প্রদান প্রক্রিয়া এবং অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ওসি মহিবুল্লাহ স্পষ্ট ভাষায় জানান, সোনারগাঁ থানায় দালালচক্রের কোনও প্রভাব থাকছে না। তিনি বলেন, “থানায় দালালের স্থান নেই। কেউ দালালি করতে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। থানায় সেবা পেতে কোনও অর্থ লাগবে না—এ বিষয়ে জনগণকে আমি নিশ্চয়তা দিচ্ছি।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের আইনি সেবা গ্রহণ যেন হয়রানিমুক্ত হয়, সে বিষয়ে থানার সব সদস্যকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরাধ দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ওসি মহিবুল্লাহ বলেন, “সাংবাদিক–পুলিশ ভাই ভাই, অপরাধীদের আর রক্ষা নাই—এ স্লোগানকে মাঠপর্যায়ে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

এলাকাবাসীর শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ওসি মহিবুল্লাহ বলেন, সমন্বিত কাজের মাধ্যমে সোনারগাঁকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকায় পরিণত করা হবে।

মতবিনিময় সভায় তদন্ত ওসি রাশেদুল ইসলাম খানসহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।