সংবাদ শিরোনাম

নারী প্রতারক চক্রের ফাঁদে ব্যবসায়ী,গ্রেপ্তার ১

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন   |   জেলার খবর

নারী প্রতারক চক্রের ফাঁদে ব্যবসায়ী,গ্রেপ্তার ১

প্রতিদিনের দেশ ডেস্ক :

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি প্রতারক চক্রের ফাঁদে পড়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, নারী সদস্যকে ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের পাশাপাশি অনৈতিক ভিডিও ধারণ করে চাঁদা দাবি করা হতো।

এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে প্রতারক চক্রের এক সদস্য রহমত শেখকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী কাশিয়ানী উপজেলার গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মো. ওহিদুজ্জামান তালুকদার অভিযোগে জানান, গত বছরের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় চর পিঙ্গুলীয়া গ্রামের মোছা: মীম খানম তার গ্যাসের চুলা নষ্ট হয়েছে বলে ফোন করে তাকে বাড়িতে ডেকে নেন। সেখানে পৌঁছালে চক্রের অন্যান্য সদস্যরা তাকে আটক করে হত্যার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রাণ বাঁচাতে তিনি নগদ পাঁচ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দেন। এরপরও চক্রটি আরও টাকা দাবি করলে তার দোকানে গিয়ে চয়ন সমাদ্দার আরও ৮০ হাজার টাকা নিয়ে যায়।

এ ঘটনায় মোছা: মীম খানমসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।