সংবাদ শিরোনাম

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে চুরির সময় যুবক আটক

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন   |   জেলার খবর

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে চুরির সময় যুবক আটক

বিশেষ প্রতিনিধি :

বরিশাল নগরীর বাংলাবাজার সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চুরির সময় আপু সিকদার নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ তাকে আটক করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটক আপু সিকদারের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়।ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই যুবক পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি পানির কল চুরি করে নিয়ে যায়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করেন কর্তৃপক্ষ। এরপর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক অবস্থানে ছিলেন।

শনিবার রাত ১০টার দিকে পুনরায় চুরির উদ্দেশ্যে ওই যুবক ডায়াগনস্টিক সেন্টারের আশপাশে ঘোরাঘুরি করলে কর্মচারীরা তাকে চিনে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে আটক করেন। পরে তার কাছ থেকে একাধিক পানির কল উদ্ধার করা হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।