যশোরে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে ছোট ভাইয়ের ছুরিকাঘাত
খুলনা ব্যুরো :
যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া মাজারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত মিজানুর রহমান (৫০) সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার ছোট ভাই কামাল (৪৫) সেখানে এসে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কে জড়ান। এক পর্যায়ে কথা কাটাকাটি তীব্র হলে কামাল হাতে থাকা চাকু দিয়ে বড় ভাই মিজানুরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে তার হাত, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, মিজানুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। দুই পরিবারের সদস্যরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।