অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ও জনবল সংকট
মাসুদ আল হাসান, প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় একমাত্র সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে তীব্র জনবল ও শয্যা সংকট। কাগজে-কলমে ৫০ শয্যার হাসপাতাল হলেও দৈনিক গড়ে ৮০–৯০ জন রোগী ভর্তি হয়। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন অন্তত ৫ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালটি বাস্তবে প্রায় ১০০ শয্যার মতো কার্যক্রম চালাচ্ছে।
হাসপাতালে ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ১৩ জন। তার মধ্যে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ও অসুস্থতার কারণে কয়েকজন ডাক্তার থাকেন অনুপস্থিত। এর ফলে ৯–১০ জন চিকিৎসকের ওপর পড়ে সম্পূর্ণ দায়িত্ব। রাতে জরুরি সেবা দেওয়ার পর দিনেও ডিউটি করতে হচ্ছে চিকিৎসকদের, যা তাদের জন্য অত্যন্ত কঠিন।
পর্যাপ্ত ভবনের অভাবে হাসপাতালের মেঝে, বারান্দা, করিডোর ও সিঁড়িতেও রোগী রাখা হচ্ছে। বর্তমানে চলমান ডেঙ্গুর প্রাদুর্ভাব পরিস্থিতি আরও ভয়াবহ করেছে। ১৪ অক্টোবর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮৯, তার আগের দিন ১০১ জন। ডেঙ্গু রোগীও ভর্তি ছিলেন ২৩ জন।
হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী মাত্র দু’জন। ভর্তি রোগী, তাদের স্বজন এবং বহির্বিভাগের রোগী মিলিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ হাসপাতালে অবস্থান করেন। কম জনবল ও দুর্যোগপূর্ণ পরিবেশে পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে উঠেছে।
ডা. আলিমুর রাজিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এত সংকটের মধ্যেও চেষ্টা চালিয়ে যাচ্ছি উত্তম সেবা দিতে। তবে সবকিছু সব সময় সামলে ওঠা কঠিন, সাধারণ মানুষ আমাদের ভোগান্তি বুঝতে পারছে না।”
স্থানীয়রা বলছেন, সরকারি বরাদ্দ বৃদ্ধির সঙ্গে নতুন ভবন নির্মাণ ও চিকিৎসক-জনবল নিয়োগ না হলে হাসপাতালে পরিস্থিতি দ্রুতই আরও সংকটজনক হবে।