সংবাদ শিরোনাম

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন জাতীয় পলিসি প্রতিযোগিতার চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন   |   জেলার খবর

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন জাতীয় পলিসি প্রতিযোগিতার চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহায়তায় ‘জাতীয় পলিসি প্রতিযোগিতা ২০২৫’-এর চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব আজ চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নীতি নির্ধারণ, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয় ‘একটি নতুন দিকে বাংলাদেশ: ভবিষ্যতের জন্য শিক্ষা ও রূপান্তর’। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং বিশেষ অতিথি হিসেবে চবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বক্তৃতা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব বিশেষ করে একাডেমিক কার্যক্রম বেশি বেশি করার চেষ্টা করা হয়েছে। আজকে আমাদের শিক্ষার্থীরা দারুণভাবে তাদের প্রেজেন্টেশন প্রদান করেছে। শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের এসব প্রস্তাবিত নীতি সরকারের আমলে নিয়ে কাজ করা উচিত। সরকারের কাছে শিক্ষা কমিশন গঠনসহ শিক্ষা খাতে প্রয়োজনীয় উদ্যোগের আহ্বান জানান চবি উপাচার্য। 

উল্লেখ্য, পলিসি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত পাঁচটি দল ১৫ মিনিট করে তাদের প্রেজেন্টেশন প্রদান করেন। প্রেজেন্টেশনে শিক্ষার্থীরা শিক্ষা খাতের বিভিন্ন পলিসির ব্যাপারে তাদের পরিকল্পনা তুলে ধরেন।  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম এডুকেশন, প্রথম রানার আপ হয় টিম জেনজারি এবং দ্বিতীয় রানার আপ হয় টিম ফিনিক্স। চ্যাম্পিয়ন দলকে ৪৫ হাজার টাকা, প্রথম রানার আপ দলকে ৩০ হাজার টাকা ও দ্বিতীয় রানার আপ দলকে ১৫ হাজার টাকা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এনায়েত উল্যা পাটওয়ারী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, চবি প্রক্টর প্রফেসর হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।