তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

রংপুর

তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরে কুয়াশা, হিমেল বাতাস ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। দিনের বেলায় রোদে কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি।

সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশে কৃষক, দিনমজুর, চা ও পাথরশ্রমিক এবং ভ্যানচালকদের কাজে বের হতে দেখা গেছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই চাদর ও গরম পোশাক ব্যবহার করছেন।

অটোভ্যানচালক তরিকুল ইসলাম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হলে ঠান্ডা বাতাসে শরীর কাঁপে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে কিছুটা উষ্ণতা ফিরে আসে। চা শ্রমিক আবদুল খালেক জানান, সকালে বাগানে কাজ করতে এখন গরম কাপড় সঙ্গে নিতে হচ্ছে।

এদিকে শীতের আমেজে স্থানীয় বাজারগুলোতে শুরু হয়েছে শীতের পিঠার আয়োজন। সন্ধ্যার পর ভাপা, চিতই ও পাকান পিঠার দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে। সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

তাপমাত্রার ওঠানামায় শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে। এ সময়ে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত রোগ থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা ও যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।