গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

রংপুর

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ডা. ময়নুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবির এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তাঁরা যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় যুবকদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন যুবক-যুবতীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে যুবঋণের চেক দেওয়া হয়। পাশাপাশি যুব সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ দুজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে আলোচনা সভা শেষে পৌর পার্কে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। এ মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগ ও পণ্য তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।