সংবাদ শিরোনাম

মোংলায় যৌথ অভিযানে ডাকাত বাহিনীর সহযোগী আটক

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন   |   খুলনা

মোংলায় যৌথ অভিযানে ডাকাত বাহিনীর সহযোগী আটক


খুলনা ব্যুরো :

Qমোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ দুপুর ১টার দিকে বিসিজি বেইস মোংলার একটি দল মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে এক ডাকাত সহযোগীকে আটক করে।

আটকের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি সকাল ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে দুটি একনলা বন্দুক ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি রাসেল হাওলাদার (৪০), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কার্যক্রমে যুক্ত ছিলেন এবং ডাকাত দলকে অস্ত্র ও রসদ সরবরাহ করতেন।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র–গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।#