সংবাদ শিরোনাম

কেসিসির ১১তম কমিটি সভা: উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন   |   খুলনা

কেসিসির ১১তম কমিটি সভা: উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম তদারকির জন্য গঠিত কমিটির ১১তম সভা বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মোঃ মোখতার আহমেদ।

সভা কেসিসি সচিব আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানসহ কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, সড়ক ও জনপথ, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সভায় নগরীর বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে অন্যতম সিদ্ধান্ত হিসেবে বলা হয়, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পর্যন্ত (অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত) মহানগরীতে ওয়াসা কর্তৃক স্যুয়ারেজ লাইন স্থাপনের জন্য রাস্তা খনন কাজ স্থগিত রাখার। এছাড়া খননকৃত রাস্তার মেরামতে সৃষ্ট জটিলতা নিরসনে স্থানীয় সরকার বিভাগের সাথে উভয় সংস্থার প্রতিনিধিদের সভা আহ্বানের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সভায় দুদকের তদন্তাধীন সাতটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিল পরিশোধের বিষয়ে দুদকের মতামত গ্রহণ, অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের জামানতের অর্থ পরিশোধ, কেডিএ কর্তৃক নির্মাণাধীন সড়কে কেসিসি’র জমি ব্যবহার বিষয়ে অনাপত্তি না দেয়া, রূপসা ঘাটের পন্টুন মেরামতের জন্য আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ, মশক নিধনের জন্য বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট থেকে জিটুজি পদ্ধতিতে ২ হাজার লিটার এডাল্টিসাইড ও ২ হাজার লিটার লার্ভিসাইড ক্রয়ের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, নগর ভবনের প্রবেশ পথের পশ্চিম পাশে খুলনা সিটি এরিয়ার ম্যাপ স্থাপন, অন্যান্য সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় রেখে কেসিসি’র বিদ্যমান আবেদন ফরমের মূল্য সমন্বয়, কেসিসি পেট্রোল পাম্পকে অটোমেশনের আওতায় আনা, মিস্ত্রিপাড়া বাজারের বাতিলকৃত ১৪টি দোকানের জমাকৃত সেলামীর অর্থ ফেরত প্রদান ও নতুন বরাদ্দ প্রদানের উদ্যোগ গ্রহণের কথাও সভায় বলা হয়।

সভায় কেসিসি’র ১১টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও লিখিত পরীক্ষা গ্রহণ, মৌখিক পরীক্ষার জন্য মন্ত্রণালয়ে প্রতিনিধি চেয়ে চিঠি প্রেরণের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভা শেষে প্রশাসক মোঃ মোখতার আহমেদ উপস্থিত অতিথিদের হাতে নতুন বছরের জন্য কেসিসি কর্তৃক প্রস্তুতকৃত ডায়েরী বিতরণ করেন।