সংবাদ শিরোনাম

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে খুলনায় সেনাপ্রধান

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন   |   খুলনা

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে খুলনায় সেনাপ্রধান

খুলনা ব্যুরো  :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে খুলনায় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন। এ সময় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, খুলনা বিভাগের অসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।