মোংলা বন্দরে পরিবেশ সুরক্ষায় নতুন মাইলফলক
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
মোংলা সমুদ্র বন্দরে জাহাজের বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণে আধুনিক পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি (পিআরএফ) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বন্দরের শিল্পাঞ্চলসংলগ্ন নদীতীরে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ MARPOL কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে সামুদ্রিক দূষণ রোধে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিআরএফ চালুর মাধ্যমে মোংলা বন্দর আন্তর্জাতিক মানের জাহাজ বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। এছাড়া বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মচারী ও বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বন্দর সূত্র জানায়, প্রকল্পের আওতায় তেল অপসারণ ও বর্জ্য সংগ্রহে বিশেষায়িত জলযান, আধুনিক পরিশোধন প্লান্ট, জেটি ও ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। ২০২০ সালে শুরু হওয়া এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় দাঁড়িয়েছে ৫১১ কোটি টাকা এবং ২০২৫ সালের জুনে এর নির্মাণকাজ সম্পন্ন হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহীন রহমান বলেন, বন্দরে আগত বাণিজ্যিক ও দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে সংগৃহীত তেল ও বর্জ্য পরীক্ষার মাধ্যমে পরিশোধন করা হবে। পরিশোধন শেষে উৎপাদিত জ্বালানি ও উপকরণ শিল্পকারখানায় পুনঃব্যবহারযোগ্য হবে, যা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জ্বালানি সাশ্রয়েও ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের ফলে সমুদ্রে অবৈধ বর্জ্য নিষ্কাশন বন্ধ হবে, মৎস্যসম্পদ ও উপকূলীয় বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকবে এবং পরিবেশবান্ধব ‘সবুজ বন্দর’ হিসেবে মোংলা বন্দরের ভাবমূর্তি আরও দৃঢ় হবে।