সংবাদ শিরোনাম

রূপসায় পরিত্যক্ত ঘর থেকে ২টি রিভলবার উদ্ধার

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন   |   খুলনা

রূপসায় পরিত্যক্ত ঘর থেকে ২টি রিভলবার উদ্ধার

মাসুদ আল হাসান , খুলনা ব্যুরো :

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ২টি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত দুটি রিভলবারের মধ্যে একটি Made in USA, Colt Model 1878 Six Shooter Revolver।

সম্প্রতি রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র‍্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই অংশ হিসেবে খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস, মালিকানা এবং কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম বলেন, “এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় এখনো থানায় সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা র‍্যাবের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তবে দ্রুত অস্ত্রধারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।