কুয়েট ভর্তি: ১ ফেব্রুয়ারি ফল প্রকাশ, ৮ ফেব্রুয়ারি ভর্তি প্রক্রিয়া শুরু
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফলাফলসহ মেধা তালিকা ও ভর্তির বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়।
গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগে ৯ হাজার ৭৮ জন এবং আর্কিটেকচার বিভাগে ৩০৪ জন প্রার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন। পাশাপাশি সংরক্ষিত আসনে (বান্দরবান জেলা, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) মোট ২৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
মেধা তালিকাভুক্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে চয়েস ফর্ম পূরণ করতে হবে। ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি প্রোগ্রামের ক্ষেত্রে ১৫টি পছন্দক্রম নির্ধারণ বাধ্যতামূলক করা হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি মেধাক্রম ১ থেকে ১০২০, আর্কিটেকচার মেধাক্রম ১ থেকে ৪০ এবং সংরক্ষিত আসনের নির্ধারিত মেধাক্রমের প্রার্থীদের কুয়েট ক্যাম্পাসে নিরীক্ষা কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়েছে।
ভর্তির জন্য আনুমানিক ১২ হাজার টাকা আগামী ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখায় জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও হালনাগাদ বিজ্ঞপ্তির জন্য কুয়েট ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://admission.kuet.ac.bd ভিজিট করা যাবে। প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হেল্পলাইন নম্বর ০১৭১৪০৮৭২৮৪ ও ০১৭১৪০৮৭৩৩৯-এ যোগাযোগ করা যাবে।