সাতক্ষীরাকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির
খুলনা ব্যুরো :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই সাতক্ষীরাকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। দেশের অন্য কোনো জেলায় এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়নি বলেও তিনি দাবি করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাতক্ষীরায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা হয়েছে, হত্যা ও পঙ্গু করার ঘটনা ঘটেছে। তিনি ২০১৫ সালে সাতক্ষীরায় এসে শহীদ পরিবার ও নির্যাতিতদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। দলের বহু নেতা-কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে এবং একপর্যায়ে দল নিষিদ্ধ করা হয়। দলটির নিবন্ধন ও প্রতীক বাতিলের কথাও তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, পরিবর্তিত অবস্থার পর জামায়াত শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দলের নেতা-কর্মীদের কোনো ব্যক্তি বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন কায়েম করাই জামায়াতের লক্ষ্য। মদিনা সনদের আদলে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও বলেন।
ভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীদের সমর্থন চান এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার চারটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা।