বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে মাদক উদ্ধারসহ আটক ২
খুলনা ব্যুরো :
মাদকের অবৈধ কারবার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে বাগেরহাটে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৬৪ হাজার টাকা।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার নেতৃত্বে ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলার লবণচরা থানার জলমা এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৫২) এবং কয়রা থানার হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা ইয়াসির আলী (২৫)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।