লাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্পের তালিকায় বিসিএসএল
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
২০২৪–২৫ অর্থবছরে ৩১ কোটি টাকা মুনাফা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড (বিসিএসএল)। আগের পাঁচ বছরে প্রতিষ্ঠানটির মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৪৮ কোটি টাকা।
প্রতিষ্ঠান সূত্র জানায়, ২০২৮ সালের মধ্যে নেপাল ও আফ্রিকার কয়েকটি দেশে ফাইবার অপটিক কেবল রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের অপটিক্যাল ফাইবার টেলিকম কপারের প্রায় ৬০ শতাংশ সরবরাহ করছে বিসিএসএল।
আগামী পাঁচ বছরে অপটিক্যাল ফাইবার কেবল প্ল্যান্টে তিনটি নতুন মেশিন সংযোজনের মাধ্যমে বার্ষিক উৎপাদন ২০ হাজার কিলোমিটার থেকে ২৫ হাজার কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এইচডিপিই টেলিকম ডাক্ট প্ল্যান্টে নতুন মেশিন যুক্ত হওয়ায় উৎপাদন সক্ষমতা ৮ হাজার কিলোমিটারে পৌঁছেছে।
মধ্যমেয়াদে ওয়াসার উপযোগী এইচডিপি পাইপ উৎপাদনের জন্য যন্ত্রপাতি সংযোজন এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক (এলএএন) কেবল প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ খাতে কন্ডাক্টর ও কেবল সরবরাহ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
নিজস্ব অর্থায়ননে কারখানার ছাদে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনাও নিয়েছে বিসিএসএল।
বিসিএসএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোসলেম উদ্দিন বলেন, ধারাবাহিক প্রযুক্তি আধুনিকায়নের ফলে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকে আছে। বর্তমানে এখানে ৩৩ জন কর্মকর্তা, ১৬৩ জন স্থায়ী কর্মী ও ১২৫ জন আউটসোর্স কর্মী কাজ করছেন।
দেশে প্রয়োজনীয় প্রায় ৫ লাখ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্কের বিপরীতে বর্তমানে রয়েছে দেড় লাখ কিলোমিটার। দুর্যোগঝুঁকি কমাতে ভূগর্ভস্থ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পুরোনো কেবল অবকাঠামো একীভূত হলে ফাইবার অপটিক শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।