সংবাদ শিরোনাম

শিবগঞ্জে সীমান্তবর্তী ৩০০ পরিবারকে বিজিবির শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জে সীমান্তবর্তী ৩০০ পরিবারকে বিজিবির শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কিরণগঞ্জ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঈদগাহ মাঠে স্থানীয় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম। এ সময় তিনি বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং সীমান্ত অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ, সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ মহানন্দা ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী সীমান্তবাসীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।