রিয়েল-টাইম লেনদেন ও আন্তঃসংযুক্ত ব্যবস্থায় অর্থনীতিতে স্বচ্ছতা আসবে: অর্থমন্ত্রী
বাজারভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক জটিলতা কমাতে রিয়েল-টাইম ও আন্তঃসংযুক্ত (ইন্টারঅপারেবল) ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তথ্য আদান-প্রদান ও লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা গেলে অর্থনীতিতে স্বচ্ছতা বাড়বে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হবে।
শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে স্থানীয় এলসি-সংক্রান্ত লেনদেনের তথ্য বিনিময়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘Bangladesh Real-time Trade Arrangement (BARTA)’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার বাজারভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আর্থিক লেনদেন দ্রুত সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল ব্যবস্থার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। আগে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের নিজস্ব সিস্টেম আলাদাভাবে পরিচালিত হওয়ায় তথ্য আদান-প্রদান ও আন্তঃসংযোগে সীমাবদ্ধতা ছিল।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বীমা নিয়ন্ত্রক সংস্থা এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য ও লেনদেনের কার্যকর সংযোগ স্থাপন ছাড়া পূর্ণাঙ্গ রিয়েল-টাইম ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
BARTA প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন পর্যবেক্ষণ আরও কার্যকর হবে, স্বচ্ছতা বাড়বে, সময় সাশ্রয় হবে এবং ব্যবসার পরিচালন ব্যয় কমবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন বাড়ানোর ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দরেও একই ধরনের সমন্বিত কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
বীমা ও পুঁজিবাজারে অনিয়ম প্রতিরোধের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতে নানা ধরনের অনিয়মের কারণে গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে বিলম্ব, বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনায় জটিলতা এবং সরকারি রাজস্ব ও প্রিমিয়াম আদায়ে ক্ষতি হয়েছে। কাভার নোট ও প্রিমিয়াম পরিশোধে অনিয়ম এবং ব্যাক-টু-ব্যাক এলসির অপব্যবহার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও বীমা নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্যপ্রযুক্তিগত সংযোগ জোরদার করা হচ্ছে।
পুঁজিবাজারেও স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), তালিকাভুক্ত কোম্পানি ও ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে আন্তঃসংযুক্ত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে তথ্য গোপন, যোগসাজশ ও বিভিন্ন ধরনের অনিয়মের সুযোগ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, রাজস্ব আয় বৃদ্ধি না হলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন। এ কারণে অটোমেশন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সংস্কার কার্যক্রম সফল করতে সব অংশীজনের সঙ্গে নিয়মিত আলোচনা ও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আমির খসরু বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনকল্যাণের স্বার্থে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত। কাস্টমস, এনবিআরসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে অংশীজনদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন ---কৃষির উৎপাদন ও লাভ বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী