কৃষির উৎপাদন ও লাভ বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, উন্নত বীজ, বিজ্ঞানসম্মত চাষাবাদ, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও কৃষকদের প্রশিক্ষণের সমন্বয়ে কৃষি খাতকে এগিয়ে নিতে হবে।
শুক্রবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ীতে হর্টিকালচার সেন্টার আয়োজিত মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষকের শ্রম ও উৎপাদন দেশের খাদ্যনিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। কৃষির অগ্রগতি নিশ্চিত করতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চাষাবাদের প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোও প্রয়োজন। কৃষি গবেষণায় উদ্ভাবিত নতুন পদ্ধতি ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির পরিবর্তন কৃষি খাতেও নতুন সম্ভাবনা তৈরি করছে। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক যন্ত্রপাতির যথাযথ প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো এবং চাষাবাদকে আরও দক্ষ করে তোলা সম্ভব। কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষির সঙ্গে যুক্ত করতে সরকারের উদ্যোগ রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, কৃষি ও প্রযুক্তির মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠলে উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে, কৃষকের আয় বাড়বে এবং দেশের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।
মাঠ দিবসের কারিগরি আলোচনা পর্বে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ কৌশল এবং ফসলের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী এবং ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরো পড়ুন ----মেধাবীদের খুঁজে বের করে দক্ষতা বিকাশে ভূমিকা রাখার আহ্বান এইচআর প্রফেশনালদের প্রতি