মেধাবীদের খুঁজে বের করে দক্ষতা বিকাশে ভূমিকা রাখার আহ্বান এইচআর প্রফেশনালদের প্রতি
মেধাবী তরুণদের শনাক্ত করে তাদের প্রতিভা ও কর্মদক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখার জন্য মানবসম্পদ ব্যবস্থাপনা পেশাজীবীদের (এইচআর প্রফেশনাল) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিতে পারদর্শী মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO) আয়োজিত ‘৮ম জাতীয় মানবসম্পদ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, প্রযুক্তি উন্নয়নের পথ তৈরি করে দিলেও দেশের প্রকৃত অগ্রগতি নির্ভর করে মানুষের দক্ষতা, সৃজনশীলতা ও সক্ষমতার ওপর। তাই প্রযুক্তির প্রসারের পাশাপাশি মানবসম্পদের গুণগত উন্নয়ন, মেধার মূল্যায়ন এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের শ্রমবাজারের পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ কর্মজীবনে প্রবেশ করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার প্রায় ৮ দশমিক ৫ শতাংশ। উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে এ হার প্রায় ২৫ শতাংশ। এই বাস্তবতায় শিক্ষাব্যবস্থা ও প্রশিক্ষণকে চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের সনদধারীর সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়; বরং এমন তরুণ তৈরি করতে হবে, যারা বাস্তব কর্মক্ষেত্রে দক্ষতা প্রয়োগ করতে পারবেন, উৎপাদনশীলতা বাড়াবেন এবং নতুন ধারণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবেন।
গবেষণা, প্রযুক্তি ও দক্ষ জনশক্তির গুরুত্ব বোঝাতে ইসরায়েল ও জার্মানির উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, এসব ক্ষেত্রে বিনিয়োগ একটি দেশের অর্থনৈতিক কাঠামো ও উন্নয়নে বড় পরিবর্তন আনতে পারে। বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন।
মানবসম্পদ উন্নয়নে তিনটি গুরুত্বপূর্ণ দিকের ওপর গুরুত্বারোপ করেন মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, শিক্ষা ও কর্মক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ থাকতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও নৈতিক, যাতে ব্যক্তিগত গোপনীয়তা, মানুষের অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তি বজায় থাকে। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক নেতৃত্ব, সততা, সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশও সমান গুরুত্বপূর্ণ।
‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য দক্ষতার পুনর্গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন FBHRO-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে দেশি-বিদেশি মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন খাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং পেশাজীবীরা অংশ নেন।
ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO) বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন খাতে কাজ করা ২৫টি অলাভজনক সংস্থার শীর্ষ সংগঠন। মানবসম্পদ পেশাজীবীদের প্রতিনিধিত্ব, নীতিনির্ধারণে অবদান এবং পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনটি ভূমিকা রাখছে।
আরো জানুন ---সৃজনশীল অর্থনীতি ও প্রবাসীদের ফেরাতে উদ্যোগের আহ্বান অর্থমন্ত্রীর