কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

পটুয়াখালী

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, সচেতনতামূলক মহড়া ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন মাঠে জাগোনারী ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। 

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি এবং পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে দুর্যোগের ঝুঁকি কমাতে নিরাপদ আবাসন নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পরিবার ও মানুষের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।