উত্তর চট্টগ্রামের যাতায়াতে নতুন সম্ভাবনা, চালু হলো নাজিরহাট কমিউটার ট্রেন

চট্টগ্রাম প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

চট্টগ্রাম

উত্তর চট্টগ্রামের যাতায়াতে নতুন সম্ভাবনা, চালু হলো নাজিরহাট কমিউটার ট্রেন

উত্তর চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে চট্টগ্রাম–নাজিরহাট রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালু হয়েছে। সাধারণ ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় রেলযাত্রা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন এই ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিবহনসেবার লক্ষ্য শুধু উচ্চবিত্ত মানুষের সুযোগ-সুবিধা বাড়ানো নয়। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীসহ সাধারণ মানুষ যাতে কম খরচে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেটি নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রভাব কাটিয়ে রেলওয়েকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিগত সময়ের রেলওয়ে ব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে এ খাতের প্রতি চরম অবিচার করা হয়েছে। রাষ্ট্রীয় ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুনির্দিষ্ট নীতিমালার ঘাটতির কারণে রেলওয়ের সামগ্রিক ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা কাটিয়ে প্রতিষ্ঠানটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও বর্তমান সরকারের স্বল্প সময়ের প্রচেষ্টায় রেলওয়েতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে।

নতুন কমিউটার ট্রেন চালুর গুরুত্ব তুলে ধরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী পরিবহনসেবা পাওয়া কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় নাজিরহাট রুটে নতুন ট্রেন চালু উত্তর চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, এই রেল যোগাযোগের ফলে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

প্রতিমন্ত্রী আরও জানান, যাত্রীদের দৈনন্দিন ব্যস্ততা ও সময়ের প্রয়োজন বিবেচনায় ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শুরুতে সময়সূচি ও পরিচালন ব্যবস্থাপনায় কিছু সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে দ্রুতই এসব বিষয় নিয়মের মধ্যে চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রেলওয়ের উন্নয়ন ও আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে বেশ কিছু কোচ সংস্কার করা হয়েছে। পাশাপাশি নতুন কোচ ও ইঞ্জিন আমদানির প্রক্রিয়াও চলমান রয়েছে। এসব কোচ ও ইঞ্জিন রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি-পূর্ব)-এর চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।

আরো পড়ুন----৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক