সংবাদ শিরোনাম

কেএমপি কমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন   |   খুলনা

কেএমপি কমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

খুলনা ব্যুরো :

আজ ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪ টায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি মি. স্টুয়ার্ট সুলিভান এবং তাঁর সফরসঙ্গী ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর এস এম শিবলী সাইফুল্লাহ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কেএমপি কার্যালয়ে আগমন করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি খুলনা সফর করেন। এর আগে তিনি চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজারের টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সাক্ষাৎকালে মি. স্টুয়ার্ট সুলিভান কেএমপি কমিশনারের কাছে জানতে চান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রস্তুতি কেমন এবং নির্বাচনী সহিংসতার কোনো আশঙ্কা রয়েছে কি না।

জবাবে কেএমপি কমিশনার জানান, খুলনা মহানগর এলাকায় এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতা শূন্যের কোঠায় রয়েছে। নির্বাচন আর একদিন পর অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।


তিনি আরও জানজান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। কেন্দ্রভিত্তিক পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল পেট্রোল টিম ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় ৮৬০ জন সদস্য কেএমপি এলাকায় দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে কেএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ের প্রাক্কালে সফররত কর্মকর্তা কেএমপি কমিশনারের হাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)।