খুলনায় যৌথ অভিযানে মাদক, অস্ত্র ও নগদ অর্থ সহ দম্পতি দম্পতি আটক
মাসুদ আল হাসান, খুলনা :
খুলনা মহানগরীর সদর থানাধীন ৪ নম্বর ঘাট সংলগ্ন বস্তি এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে এক দম্পতিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ও খুলনা সদর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মো. কুতুবউদ্দিন (জি), বিএন (পি নং–২৭৮৮)।
আটকরা হলেন মো. মিঠুন শেখ ওরফে কালা মিঠু (৩০) এবং তার স্ত্রী বিথী আক্তার (২৮)। অভিযানে তাদের হেফাজত থেকে আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা, ১৯০ পিস ইয়াবা, ০.৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির অর্থ হিসেবে ধারণা করা ৬ লাখ ৪ হাজার ৭১০ টাকা নগদ, একটি হকিস্টিক, একটি চাকু, একটি আধুনিক নিক্তি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠুন শেখ ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা নগদ অর্থ ও সরঞ্জামাদি মাদক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
আটক দম্পতিকে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, আটক মো. মিঠুন শেখ মৃত সালাম শেখের ছেলে। তিনি ও তার স্ত্রী খুলনা সদর থানার ৪ নম্বর ঘাট কলোনির বাসিন্দা।