আশুলিয়ায় আন্ডারপাস থেকে ৫ ককটেল উদ্ধার, বিস্ফোরণে নিষ্ক্রিয়
ছবি- সংগৃহীত
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি আন্ডারপাস থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তায় জনবসতিহীন এলাকায় কৃত্রিম বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, নাশকতা বা জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বিস্ফোরকগুলো সেখানে লুকিয়ে রাখতে পারে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এসআরবি-৪-এর সিপিসি-২-এর একটি দল আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল-জামগড়া এলাকায় নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক মজুতের তথ্য পাওয়া যায়। তথ্য যাচাইয়ের জন্য নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল অংশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে আন্ডারপাসের ভেতরে পলিথিনে মোড়ানো এবং লাল ও কালো স্কচটেপ দিয়ে পেঁচানো পাঁচটি ককটেল দেখতে পান সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়। পাশাপাশি ওই এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়।
পরে এসআরবি সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় ককটেলগুলো আশুলিয়ার পাথালিয়া এলাকার একটি জনবসতিহীন খালি জায়গায় নেওয়া হয়। সেখানে নিয়ন্ত্রিত কৃত্রিম বিস্ফোরণের মাধ্যমে পাঁচটি ককটেলই নিষ্ক্রিয় করা হয়।
এসআরবি সূত্র আরও জানায়, বিস্ফোরকগুলো কারা সেখানে রেখেছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রয়োজনীয় সময়ে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রাত ৯টার দিকে আন্ডারপাস দিয়ে যাতায়াতকারী কয়েকজন পথচারী পলিথিনে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে। পরে পুলিশ ও এসআরবির সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং বিশেষজ্ঞ দলের সহায়তায় সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেন।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা নেয়। পরে বিশেষজ্ঞ দলের সহায়তায় সন্দেহজনক বস্তু পরীক্ষা করে সেগুলো নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।