৩০ হাজার টাকা মজুরির দাবিতে কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ঢাকা

৩০ হাজার টাকা মজুরির দাবিতে কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ ছবি-সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রমিকদের অবরোধের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকেরা। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় জরুরি যাতায়াতেও বিঘ্ন ঘটছে।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা বাতিলের দাবিও জানিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা।

এদিকে শ্রমিক আন্দোলন প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের একটি অংশকে সড়কে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে পরিস্থিতি স্বাভাবিক করা এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও সংসদ সদস্য মো. মজিবুর রহমান একসঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে এসব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনাও ঘটে।

এ পরিস্থিতির মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত রোববার ছয় সদস্যের একটি ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।