দৌলতখানে ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার সোনার দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক বিধবা নারীর কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মরিয়ম বেগম ওই এলাকার মৃত নাছির সাজির স্ত্রী।
মরিয়ম বেগমের অভিযোগ, সোমবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। তাঁরা সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর ছবি তুলতে চান। একপর্যায়ে ছবি তোলার কথা বলে তাঁকে কানের সোনার দুল খুলতে বলেন। পরে দুলটি দেখার কথা বলে সেটি নিয়ে মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।
এ ঘটনায় অসহায় ওই বিধবা নারী প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।