চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সদর মডেল থানাধীন মসজিদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. তসিকুল ইসলাম তছি (৩০), মো. সাইদুর রহমান
(৫০) ও মো. শরিফুল ইসলাম সুমন (৩২) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মধ্যে পৃথকভাবে ২০ গ্রাম, ২০ গ্রাম ও ২৫ গ্রাম গাঁজা ছিল।
ভ্রাম্যমাণ আদালতে বিচার কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। শুনানি শেষে প্রত্যেক আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আসামীদের বিরুদ্ধে পৃথকভাবে ৩২০ টাকা, ১৫০ টাকা ও ২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।