ফেডের সুদ বাড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, দ্রুত কমানোর দাবি
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফেডের সিদ্ধান্তের প্রায় দুই ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দ্রুত এবং বড় মাত্রায় সুদের হার কমানোর দাবি জানান।
ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রে সুদের হার “১ শতাংশ বা তারও কম” হওয়া উচিত। তাঁর যুক্তি, যুক্তরাষ্ট্র বিশ্বের “অনেক দূর এগিয়ে থাকা সেরা ঋণগ্রহীতা” এবং দেশটিতে নতুন বিনিয়োগের জোয়ার চলছে।
পোস্টে ট্রাম্প আরও বলেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে-যার সংখ্যা তাঁর ভাষায় অধিকাংশ দেশ-তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিলে বছরে অন্তত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার আয় করতে পারত যুক্তরাষ্ট্র।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায় সব দেশকেই “বহন করছে” এবং এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। শেষে তিনি জোর দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের জন্য সুদের হার কমান, এবং দ্রুত কমান!”
এর আগে বুধবার ফেডারেল রিজার্ভ সুদের হার এক-চতুর্থাংশ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৪ শতাংশ করেছে। তিন বছরের মধ্যে এটি ছিল যুক্তরাষ্ট্রে প্রথম সুদ বাড়ানোর সিদ্ধান্ত।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেন, এই পদক্ষেপ মূল্যস্ফীতিকে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যে “আরও সময়োপযোগীভাবে ফিরিয়ে আনতে” সহায়তা করবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওয়ার্শ বলেন, দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতিকে তিনি “কঠোর” বলে বর্ণনা করতে বেশ বেগ পেতে পারেন। তাঁর ভাষায়, কমিটির সদস্যদের মধ্যে এ বিষয়ে ব্যাপক ঐকমত্য ছিল। তাই নীতিতে থাকা কিছুটা শিথিল অবস্থান সরিয়ে নেওয়া হয়েছে।
ওয়ার্শকে ফেডের সাবেক চেয়ারম্যান জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত করতে মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্প। পাওয়েলের মেয়াদ মে মাসে শেষ হয়েছে।
ফেডের সুদের হার না কমানোর সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প এর আগেও একাধিকবার পাওয়েলের সমালোচনা করেছেন। তাঁর সমালোচনার মধ্যেই বিচার বিভাগ ওয়াশিংটন ডিসিতে কেন্দ্রীয় ব্যাংকের দুটি ভবন পরিচালনা নিয়ে পাওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। পরে সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়।
তবে পাওয়েল ফেডারেল রিজার্ভের বোর্ডে নিয়মিত সদস্য হিসেবে এখনও রয়েছেন।
সূত্র: দ্য হিল