জাতীয় স্বার্থে সব দেশের সঙ্গে বন্ধুত্ব জোরদার করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
ছবি- পিএমও
জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা অক্ষুণ্ন রেখে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় সরকার। একই সঙ্গে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের প্রতীক। এর মর্যাদা সমুন্নত রাখা প্রতিটি সৈনিকের দায়িত্ব। দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। শুধু সামরিক সক্ষমতা বৃদ্ধি নয়, দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা এবং জনগণের আস্থা অর্জনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রযুক্তিনির্ভর, দক্ষ ও পেশাদার সশস্ত্র বাহিনী গঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পরে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন।