নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়ি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

রাজশাহী

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়ি

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সনাতন ধর্মাবলম্বী ১০০ জন দুস্থ ও অসহায় নারীর হাতে শাড়ি তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। উৎসবের আগে নতুন শাড়ি পেয়ে উপকারভোগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বরাদ্দ পাওয়া শাড়িগুলো সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে বিতরণ করা হয়।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক ইয়াকুব আলী এবং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ ছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, দুর্গাপূজার আনন্দ যেন সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় এ উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। নাচোলের কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। উৎসবের পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

দুর্গাপূজার আগে সরকারি সহায়তা হিসেবে শাড়ি পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।