সংবাদ শিরোনাম

সুন্দরগঞ্জে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি জবর দখলের অভিযোগ

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি জবর দখলের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে প্রতিপক্ষের জমি জবরদখলের অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক ও আজাহারুল ইসলাম রাজা মিয়া নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল মালেক।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত ফজর উদ্দিন মুন্সির ছেলে মোহাম্মদ আব্দুল মালেক ২০০১ ও ২০০৩ সালে চন্ডিপুর মৌজায় মোট ১৮ শতক জমি বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে খারিজ ও নামজারি সম্পন্ন হলে তার নামে বি.আর.এস খতিয়ানও প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরে তিনি উক্ত জমি ভোগদখল করে আসছিলেন।

তবে গত ১৬ আগস্ট ২০২৫ তারিখে চন্ডিপুর গ্রামের হায়দার আলীর ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং মৃত নুরুল ইসলামের ছেলে আজাহারুল ইসলাম রাজা মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল নিয়ে ওই জমির মধ্যে ৮ শতক জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখল করে নেয় বলে অভিযোগ করা হয়। এ সময় তারা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে এবং সুযোগ পেলে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আব্দুল মালেক প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বাকি ১০ শতক জমিও জোরপূর্বক দখল করে নেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, জমি জবরদখলের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে বিষয়টি নিয়ে কিছুটা শুনেছেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, অভিযোগকারী আব্দুল মালেক গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে পরিচিত এবং অভিযুক্ত আব্দুর রাজ্জাক চন্ডিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।