চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর মডেল থানাধীন শিমুলতলা বালুচর গ্রাম এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শিমুলতলা বালুচর গ্রামের বাসিন্দা।
ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি।
এ বিষয়ে ডিএনসি’র জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নির্মূলে অধিদপ্তরের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।