পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর):
পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান -এর কার্যালয়ে সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রী এই আহ্বান জানান।
বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু স্থানীয় সরকার বিভাগে পৌঁছালে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান তাঁকে অভ্যর্থনা জানান।
বৈঠকে দুই মন্ত্রীর মধ্যে উভয় মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলগুলোতে এখনো অনেক রাস্তা কাঁচা ও মাটির তৈরি, যার ফলে বর্ষা ও বৃষ্টির দিনে এসব পথে চলাচলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। পাহাড়ি অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী। তাদের সুগম চলাচলের সুবিধার জন্য স্থানীয় সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের জনগণ সর্বদা প্রয়োজনীয় সহযোগিতা পাবে বলে আশা রাখি।
পার্বত্য মন্ত্রীর এই উদ্যোগ ও প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, পাহাড়ি ও সমতল—উভয় অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।