বরিশালে ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ, এডিস মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান
বরিশাল প্রতিনিধি:
ডেঙ্গু রোগের বিস্তার ঠেকানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা বাড়াতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি ডায়ালগ’।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস, বরিশালের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সম্মেলনকক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) এস এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না; ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়েও সচেতনতা বাড়াতে হবে।
তিনি বলেন, এডিস মশার বংশবিস্তারের জায়গাগুলো নিয়মিত শনাক্ত করে ধ্বংস করতে হবে। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, রোগ প্রতিরোধে সচেতনতা যেমন প্রয়োজন, তেমনি আক্রান্ত মানুষের প্রতি মানবিক আচরণও জরুরি।
জেলা তথ্য অফিস, বরিশালের পরিচালক (রুটিন দায়িত্ব) অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক।
সংলাপে অংশ নেওয়া বিভিন্ন অংশীজন, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের প্রতিনিধিরা বলেন, ডেঙ্গুর মতো জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তাঁরা বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, স্থানীয় সংগঠন ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের বার্তা আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। স্থানীয় মানুষের সমস্যা, মতামত ও সম্ভাব্য সমাধান সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হওয়ায় কমিউনিটি ডায়ালগকে অংশগ্রহণমূলক সচেতনতা কার্যক্রম হিসেবেও গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় জেলা তথ্য অফিসের সঙ্গে কাজ করা চারটি স্বেচ্ছাসেবী সংগঠন—আহার, চিহ্ন, এসএনডিসি ও লাল-সবুজ—অংশ নেয়। সংগঠনগুলো ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও কমিউনিটি সেশন পরিচালনা করছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বিশেষ সচেতনতামূলক ভিডিও বার্তাও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।