ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে শক্তিশালী করা হবে

অনলাইন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

জাতীয়

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে শক্তিশালী করা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের মানুষের জন্য নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল, আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর করার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষ যেন কষ্টার্জিত অর্থ ব্যয় করে ভেজাল, নিম্নমানের কিংবা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ কারণে ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে পণ্যের মান নিশ্চিত করতে অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি জানান, অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে বিদ্যমান সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের গুরুত্ব শুধু তার আকার বা পরিচিতির ওপর নির্ভর করে না; মানুষের দৈনন্দিন জীবনে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম কতটা ইতিবাচক প্রভাব ফেলছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি।

আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা-অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর কাঠামো, জনবল এবং সেবা কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মাধ্যমে গবেষণা পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

গবেষণার সুপারিশের ভিত্তিতে অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত ও জনবান্ধব করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভোক্তারা যাতে সহজে এবং দ্রুত অধিদপ্তরের সেবা নিতে পারেন, সে লক্ষ্যে খুব শিগগিরই নতুন কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জহিরুল ইসলাম।

মতবিনিময় সভায় অধিদপ্তরের চলমান কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, জনবল কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোক্তাদের জন্য সেবা আরও সহজ ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।