২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ১৩৯ হাম রোগী, সন্দেহজনক মৃত্যু আরও ৫
নিজস্ব প্রতিবেদক:
দেশে হাম রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬৮ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময় পরীক্ষায় ১৩৯ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। যদিও সন্দেহজনক হাম রোগে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৭ হাজার ২৬২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া এবং শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।