প্রধান উপদেষ্টার পার্বত্য অঞ্চলে ১২টি বিদ্যালয়ে ই-লার্নিংয়ের উদ্বোধন: এক নতুন দিগন্তের উন্মোচন- পার্বত্য উপদেষ্টা
ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপদ্রীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে দেশের মূলধারার সাথে সম্পৃক্ত ও আধুনিক শিক্ষা বিস্তারে ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন করে এক নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা।
আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ থেকে ভার্চুয়ালি ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা তাঁর বক্তব্যে এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, ই-লার্নিং কার্যক্রম বাস্তবায়ন মূলত প্রধান উপদেষ্টার একক চিন্তা ও চেতনারই ফসল। পার্বত্য অঞ্চলের মানুষ আজ তিন জেলার প্রতিটিতে ১টি প্রাথমিক ও ৩টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১২টি স্কুলে ই-লার্নিং চালুর মধ্য দিয়ে বিশ্বমানের শিক্ষার সাথে যুক্ত হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল এই ১২টি স্কুল নয় বরং প্রাথমিকভাবে ১৫০টি বা তার অধিক বিদ্যালয়কে ই-লার্নিং-এর আওতায় আনা। এতে যোগাযোগ ও পর্যটনসহ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে পার্বত্য অঞ্চল আরো সমৃদ্ধ হবে। তিনি একটি বৈষম্যহীন, মানবিক মর্যাদাসম্পন্ন এবং সম্প্রীতি ও প্রযুক্তি নির্ভর আধুনিক পার্বত্য অঞ্চল গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত।