সংবাদ শিরোনাম

অধ্যাপক আলী রীয়াজের সাথে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দের সাক্ষাৎ

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন   |   জাতীয়

অধ্যাপক আলী রীয়াজের সাথে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি):

জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সমাজের বিভিন্ন শক্তিশালী বলয় থেকে যেভাবে ‘না’ ভোটের প্রচারণা শুরু হয়েছে তাতে জুলাই শহিদ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

আজ জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে সাক্ষাৎকালে তিনি এ শঙ্কার কথা জানান।

এ সময় জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে আসন্ন গণভোটে ভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়। কার্যক্রমের মধ্যে রয়েছে শহিদ পরিবারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স, ঢাকায় সমাবেশ, অন্যান্য  বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের প্রচারপত্র বিলি, মাইকিং প্রভৃতি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, যাঁরা জীবনের বিনিময়ে বাংলাদেশের জন্য একটি আলোকিত আগামী আনতে জীবন উৎসর্গ করেছেন তাঁরা জাতির চিরন্তন প্রেরণার উৎস।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। 

জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  শহিদ মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহিদ ইয়ামীনের পিতা মো. মহিউদ্দিন, শহিদ জাবির ইব্রাহিমের পিতা কবির  হোসেন, শহিদ শাহরিয়ারের পিতা মো. আবদুল মতিন, শহিদ রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাক, শহিদ আবদুল্লাহ'র ভাই মো. গাউছ উল্লাহ, শহিদ মোস্তাসিরের পিতা সৈয়দ গাজীউর রহমান, শহিদ আব্দুল হান্নানের ছেলে সাইফ আহমেদ খান, শহিদ জোবায়েরের পিতা মো. কামাল উদ্দিন, শহিদ ফাহমিনের মাতা কাজী লুলুল মাখমিন, শহিদ নাইমার মাতা আইনুন নাহার, শহিদ সোহেলের স্ত্রী মরিয়ম খানম এবং শহিদ মনিরের মেয়ে রুফাইদা ইসলাম চাঁদনী।