সংবাদ শিরোনাম

যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে--- ফয়েজ আহমদ তৈয়্যব

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন   |   জাতীয়

যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে--- ফয়েজ আহমদ তৈয়্যব

যশোর, ১২ মাঘ (২৬ জানুয়ারি):

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, যশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকার পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, যশোর হাইটেক পার্কে স্থানীয় উদ্যোক্তাদের সুবিধার্থে ভাড়া কমানো হয়েছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রযুক্তি ব্যবসা শুরু করতে পারেন। 

আজ যশোর সফটওয়্যার টেকনোলজি পাকে ÔJob Fair & Seminar 25-26Õ এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, যশোরে দেশের বৃহৎ টিয়ার-৩ ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার নির্মাণ চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও যশোরকে প্রযুক্তি বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে। তিনি বলেন, জব ফেয়ার ও প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটিসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলবে। এই প্রশিক্ষণগুলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, আজকের জব ফেয়ারের মাধ্যমে নির্বাচিত দক্ষ তরুণদের যথাযথভাবে কর্মসংস্থানে সংযুক্ত করা হবে এবং এ ধরনের উদ্যোগ প্রযুক্তি কোম্পানিগুলোকে যশোরে কার্যক্রম সম্প্রসারণে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম.এম.এ. হাসেম। 

উল্লেখ্য, বিডিসেট প্রজেক্ট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ÔJob Fair & Seminar 25-26 — Changing Job Opportunities in the Age of AI and RoboticsÕ শীর্ষক মেলার অয়োজন করা হয়। মেলায় যশোরসহ দেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করা হয়। আয়োজিত এই মেলার মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানা যায়। মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে রয়েছে সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা। 

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান খান। অনুষ্ঠানে আরো অংশ নেন যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের উপ-পরিচালক মাহফুজুল কবির, চালডালের কো-ফাইন্ডার জিয়া আশরাফ, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজালাল।