সংবাদ শিরোনাম

রমজানে পণ্যমূল্য আরও কমার আশা ; বাণিজ্য উপদেষ্টা

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন   |   জাতীয়

রমজানে পণ্যমূল্য আরও কমার আশা ; বাণিজ্য উপদেষ্টা

প্রতিদিনের দেশ ডেস্ক :

সরবরাহ ব্যবস্থায় বড় কোনো জটিলতা না থাকলে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স সভা শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন, আমদানি এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে—গত বছরের তুলনায় এবারের রমজানে বাজার আরও স্থিতিশীল থাকবে। বর্তমানে দেশে গ্যাস বা ডলারের কোনো সংকট নেই এবং বিনিময় হারও স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, ভোজ্যতেলের বাজারে প্রতিযোগিতা বাড়াতে দেশীয়ভাবে উৎপাদিত প্রায় পাঁচ লাখ টন রাইস ব্র্যান তেল অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকার নির্ধারিত দামের চেয়েও পাইকারি বাজারে তেলের দাম কমে এসেছে।

টাস্কফোর্স সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকার কথা জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে পণ্যমূল্য আরও কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে পদ্মা সেতু ও অন্যান্য বড় প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, গত কয়েক বছরে ঋণনির্ভর ব্যয় বেড়ে যাওয়ায় টাকার মূল্যমান কমেছে।

অনেক বড় প্রকল্প প্রত্যাশিত আয় দিতে না পারায় অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে, যার প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়েছে।