দলমত-নির্বিশেষে এবং প্রশাসনের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হ বে ---স্থানীয় সরকার উপদেষ্টা
রংপুর, ৯ মাঘ (২৩ জানুয়ারি):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি। কারণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে। তাই দলমত-নির্বিশেষে এবং প্রশাসনের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।
উপদেষ্টা আজ রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, গণভোটের বিপক্ষে একমাত্র তারাই দাঁড়াতে পারে, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী। যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ, তারাই ভিন্ন চিন্তা করতে পারে। ফ্যাসিবাদকে কখনো ফিরে আসতে দেওয়া যাবে না। তাই গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই।
এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম; স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন উপদেষ্টা রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শহিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এছাড়া উপদেষ্টা আজ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
পরে উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয় বাস্তবায়িত রংপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।