বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর মৃত্যুতে শোক প্রকাশ
ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই), কুলাউড়া মো: মোজাম্মেল হকের অকাল মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সিলেটের মোগলাবাজার স্টেশনের নিকটবর্তী স্থানে ঢাকা থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধারকাজ শেষে সড়কপথে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গতকাল শ্রীপুর নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন।