কাচপুর সেতুতে ট্রাক দুর্ঘটনায় দুই চালক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর সেতুর উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন—রাকিব হোসেন ও সাগর মিয়া। শুক্রবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর আরেকটি ট্রাক সেটিকে টেনে আনার সময় সেতুর ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে দুই চালক গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।