কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

অনলাইন ডেস্ক
১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

খুলনা

কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার ১৩ আগষ্ট বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা শিক্ষক সমাজের পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনামের সঞ্চালনায় বক্তব্য দেন সিএসই বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এম. এম. এ. হাসেম, মানবিক বিভাগের অধ্যাপক ড. রাজিয়া খাতুন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।

বক্তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ ছাড়া কুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।