জঙ্গল সলিমপুরে অভিযানে হামলা র্যাব কর্মকর্তা নিহত আহত ৪
প্রতিদিনের দেশ ডেস্ক :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল আসামি গ্রেপ্তারে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় র্যাবের উপসহকারী পরিচালক আবদুল মোতালেব গুরুতর আহত হন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বিজিবি থেকে ডেপুটেশনে র্যাবে যোগ দিয়েছিলেন।
একই ঘটনায় আহত চারজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে জিম্মি থাকা কর্মকর্তা ও সদস্যদের উদ্ধার করে। বর্তমানে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে এবং পরিস্থিতি থমথমে।
পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো ও সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
সরকারি পাহাড় ও খাস জমি দখলকে কেন্দ্র করে এলাকায় বারবার সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। এর আগেও সেখানে র্যাব, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি অবস্থানের কারণে এলাকাটিতে অভিযান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।