ফেনীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
ফেনী প্রতিনিধি:
ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান
কর্মসূচির অংশ হিসেবে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
পরে কলেজের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন
এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেনীর পরশুরামে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
একই অনুষ্ঠানে মহুরী নদী খনন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
ফেনী সফরের অংশ হিসেবে এসব কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরো পড়ুন----প্রযুক্তি প্রশিক্ষণে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের