দ্রুততম সময়ে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় সরকার --- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
ঢাকা, ৬ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি):
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়।
আজ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীকে মন্ত্রণালয় প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।