কাঁটাবনে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

অনলাইন ডেস্ক
২৭ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

মহানগর

কাঁটাবনে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

রিপোর্টার: 

রাজধানীর এলিফ্যান্ট রোড সংলগ্ন কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ১২তম তলায় লাগা আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রচেষ্টার পর রাত ৩টার কিছু সময় পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. জনি (২৫) ও আব্দুস সালাম (১৯)।

অগ্নিকাণ্ডের সময় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গুরুতর আহত জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে ভবনের ভেতরে আর কোনো ব্যক্তি আটকে থাকার তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জয় আহমেদ জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেন।